ভার্চুয়াল আদালতে একদিনে ৯৭৮ হাজতির জামিন, সাংবাদিক রোজিনার জামিন আদেশ রোববার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ভার্চুয়াল শুনানির রায় দেয়া হবে রোববার। অনুমতি ছাড়া মোবাইলে করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগ এনে ‘তথ্যচুরি’র যে মামলা কার হয়েছে, এজাহারনামার সেই নথিপত্র পর্যালোচনা শেষে এই রায় দেবেন বিচারক।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়।
আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে উভয় পক্ষের আইনজীবি ছাড়াও অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্লাস্টের মশিউর রহমান এবং আইন ও সালিশ কেন্দ্রের মো. আবদুর রশীদ।
এদিকে লকডাউনের মাঝে দেশের নিম্ন আদালতগুলোতে একদিনে ২১৭৫টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে ৯৭৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে ২৫ কার্যদিবসে মোট ৮০ হাজার ৪৭৬টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৪২ হাজার ৮২৭ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন বুধবার (১৯ মে) সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২১৭৫টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ৯৭৮ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।
সবমিলিয়ে ২৫ কার্যদিবসে ৮০ হাজার ৪৭৬টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৪২ হাজার ৮২৭ জন হাজতি কারামুক্ত হয়েছেন। পাশাপাশি এ সময়ে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৭৯ জন।